দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুন ২৪, ২০২৬, ১২:২৪ পিএম

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। আজ বুধবার) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।

বাজুস জানিয়েছে, দেশে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে বুধবার সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। এছাড়া স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

সংগঠনটি আরও জানায়, সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে।

এর আগে গত ২২ জুন স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সেই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। ওই মূল্যও কার্যকর হয়েছিল ২২ জুন সকাল ১০টা থেকে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৮০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪০ দফা দাম বৃদ্ধি, ৩৯ দফা দাম হ্রাস এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

এদিকে স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। প্রতি ভরিতে ৪০৮ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৪১ টাকা।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম মোট ৪৮ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা দাম বৃদ্ধি এবং ২৪ দফা দাম হ্রাস করা হয়েছে।

Link copied!