জুন ২৭, ২০২৬, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে কর আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন। তার দাবি, সামাজিক অনুষ্ঠানে অপচয় কমানো গেলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমে আসবে।
শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘জাতীয় বাজেট ২০২৬–২৭’ শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
শাহাদাত হোসেন বলেন, বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অপ্রয়োজনীয় জাঁকজমক এবং বিপুল অর্থের অপচয় হচ্ছে। নাচ-গান, গায়ে হলুদসহ নানা আয়োজনের পেছনে অতিরিক্ত ব্যয় করা হচ্ছে, অথচ পরিবেশিত খাবারের বড় একটি অংশ নষ্ট হয়ে যায়।
তিনি বলেন, আগে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল। সেই আইন অনুসারে নির্দিষ্ট সংখ্যার বেশি অতিথি হলে কর দিতে হতো। সেই ব্যবস্থা পুনরায় চালুর প্রস্তাব দিয়ে তিনি বলেন, ১০০ জনের বেশি প্রতিটি অতিথির জন্য এক হাজার টাকা করে কর নির্ধারণ করা যেতে পারে।
বিএনপির এই সংসদ সদস্যের দাবি, বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে অপচয় বন্ধ করা গেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদার ওপর চাপ কমবে। এর ফলে একদিনেই এসব পণ্যের দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত কমে আসতে পারে।