জুন ২৭, ২০২৬, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৮৯ শিশু।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও এক শিশু।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১৫ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৪ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও এর উপসর্গে মোট ৭০৯ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৪৫ জন শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৪৪ শিশু।
একই সময়ে নতুন করে ৬৭২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৬৭৪ শিশু।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ২৬৬ জনে। নিশ্চিত রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৯৪ জন। এদের মধ্যে ৮১ হাজার ৯৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৭৮ হাজার ২৭৭ জন বাড়ি ফিরেছেন।