জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৭, ২০২৬, ০৩:২০ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে ২০২৫–২০২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকার সংশোধিত বাজেটও অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত ২৮তম সিনেট অধিবেশনে সর্বসম্মতিক্রমে বাজেট দুটি পাস হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কলেজের অধ্যক্ষ এবং সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

অধিবেশনে বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, চতুর্থ শিল্পবিপ্লব, জ্ঞানভিত্তিক অর্থনীতি ও বৈশ্বিক প্রতিযোগিতার নতুন বাস্তবতায় প্রবেশ করেছে। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু ডিগ্রি প্রদান নয়, বরং পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম মানবসম্পদ তৈরি করা।

তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশ গড়ে তুলতে এমন প্রজন্ম প্রয়োজন, যারা শুধু তথ্যের ধারক নয়, জ্ঞান সৃষ্টিকারী; যারা চাকরি খুঁজবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি করবে এবং পরিবর্তনের নেতৃত্ব দেবে।

Link copied!