ছবি: সংগৃহীত
গাজা উপত্যকায় নতুন করে চালানো ইসরায়েলি হামলায় আল জাজিরার এক ক্যামেরাম্যানসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও নারীও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি আবাসিক ভবনে হামলা চালানো হলে প্রাণ হারান আল জাজিরার ক্যামেরাম্যান আহমেদ উইশাহ। একই হামলায় আরও দুজন নিহত হন।
ঘটনার পর এক বিবৃতিতে আল জাজিরা এই হামলাকে সাংবাদিকদের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অংশ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। সংবাদমাধ্যমটি বলেছে, সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, আহমেদ উইশাহ হামাসের সামরিক শাখার সঙ্গে যুক্ত ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো প্রমাণ যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে গাজা শহরের সাবরা এলাকায় একটি বাড়িতে রাতভর আরেকটি হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল ও উদ্ধারকর্মীদের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
শিফা হাসপাতালের সূত্র জানিয়েছে, হামলার পর দুই শিশুসহ কয়েকজনের মরদেহ সেখানে আনা হয়। চিকিৎসকদের তথ্যমতে, নিহতদের মধ্যে অন্তত দুজন নারী রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে নতুন করে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
চলমান সংঘাতের মধ্যে সাংবাদিক ও বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক পরিস্থিতিও ক্রমেই আরও জটিল হয়ে উঠছে।