জুন ২১, ২০২৬, ০৪:০২ পিএম
ছবি: সংগৃহীত
সদেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৫৮৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬২ জন শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ১ জন শিশু। ফলে একদিনে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬৩ জনে।
এ সময় নতুন করে ৯৫৭ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৮৭৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯২ হাজার ৭৯০ জন। এর মধ্যে ১১ হাজার ১১ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ সময়ের মধ্যে মোট ৭৬ হাজার ৮৫৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৭২ হাজার ৮৪৯ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হামের বিস্তার ঠেকাতে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।