ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৮৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ (বুধবার) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত স্বাস্থ্যসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪ আগস্ট সকাল ৮টা থেকে ৫ আগস্ট সকাল ৮টা পর্যন্ত এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। তবে এ সময়ে পরীক্ষায় কারও হামজনিত মৃত্যু নিশ্চিত হয়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মারা গেছেন ৯৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৫৫ জনে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৩২ হাজার ৯০৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ১১ হাজার ৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে রোগীর সংখ্যা ৩৯৪ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, সিলেটে ১১৯ জন, বরিশালে ১১৪ জন, খুলনায় ৬০ জন, ময়মনসিংহে ৩৭ জন, রাজশাহীতে ৩১ জন এবং রংপুরে ১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।