হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০৫:৫২ পিএম

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৮০ শিশুর মধ্যে।

আজ (সোমবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে এ সময়ে মোট ৮৪৭ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ৯৬৭ জন। একই সময়ে ৯০৮ শিশুকে নতুন করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯০৬ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ জনে। এ সময়ে নিশ্চিতভাবে হাম রোগী শনাক্ত হয়েছে ১৬ হাজার ৪০৮ জন।

এ পর্যন্ত হাম আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের মধ্যে মোট ১ লাখ ১৩ হাজার ৫২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

Link copied!