ছবি: রয়টার্স
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় নতুন চমক দেখিয়েছে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবা। প্রতিষ্ঠানটি তাদের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী এআই মডেল ‘কুয়েন ৩.৮ ম্যাক্স’ উন্মোচন করেছে।
আলিবাবার দাবি, নতুন এই মডেল আগের সংস্করণগুলোর তুলনায় আরও দ্রুত, দক্ষ এবং বড় আকারের তথ্য বিশ্লেষণে সক্ষম। আজ সোমবার) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আলিবাবা জানিয়েছে, কুয়েন ৩.৮ ম্যাক্স-এ রয়েছে ২ দশমিক ৪ ট্রিলিয়ন প্যারামিটার। প্যারামিটার হলো এমন তথ্য, যার মাধ্যমে একটি এআই মডেল বিভিন্ন বিষয় বুঝতে, উত্তর তৈরি করতে এবং বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে শেখে।
আকারের দিক থেকে নতুন মডেলটি চীনা প্রতিষ্ঠান মুনশট এআই-এর কিমি কে৩ মডেলের কাছাকাছি। কুয়েন ৩.৮ ম্যাক্স লেখা, ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে পারে। এটি একসঙ্গে ১০ লাখ টোকেন পর্যন্ত তথ্য প্রক্রিয়া করতে সক্ষম। ফলে দীর্ঘ আইনি নথি, বড় সফটওয়্যার কোড কিংবা শত শত পৃষ্ঠার ডকুমেন্ট সহজে বিশ্লেষণ করা সম্ভব।
মডেলটিতে ব্যবহার করা হয়েছে ‘মিক্সচার অব এক্সপার্টস’ প্রযুক্তি। এতে পুরো মডেল একসঙ্গে সক্রিয় না হয়ে প্রয়োজনীয় অংশগুলোই কাজ করে। ফলে কম খরচে দ্রুত ফলাফল পাওয়া যায়। একবারে মাত্র ৯৫ বিলিয়ন প্যারামিটার ব্যবহার করেই এটি কাজ সম্পন্ন করতে পারে।
আলিবাবার দাবি, কুয়েন ৩.৮ ম্যাক্স একটি সফটওয়্যার প্রকৌশল প্রকল্প মাত্র ১৬ দিনে শেষ করেছে।