হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ০৫:০১ পিএম

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও এক হাজার ১৯ শিশু।

আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮৪৯ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ১২৩ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৯৬। এ সময়ে নতুন করে ৮৬৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯৯৮ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৯৪৬ জনে। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ৫৩১।

এ সময়ে মোট এক লাখ ১৪ হাজার ৩৯৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এক লাখ ১০ হাজার ১৮৭ জন চিকিৎসা শেষে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

Link copied!