আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। এ সময় অস্থায়ীভাবে দমকা হাওয়াও বয়ে যেতে পারে।
আজ (সোমবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও বান্দরবানে, ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশের মধ্যে সর্বোচ্চ ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায়।
এদিকে, আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ২৯ মিনিটে।