৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় পারেদেস, যেভাবে শাস্তি এড়াতে পারেন

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০৮:০৪ পিএম

৯ ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় পারেদেস, যেভাবে শাস্তি এড়াতে পারেন

ছবি: মার্কা

বিশ্বকাপ ফাইনালের পর মারামারিতে জড়ানোর ঘটনায় বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী, অভিযোগ প্রমাণিত হলে তার ওপর সর্বোচ্চ ৯ ম্যাচের নিষেধাজ্ঞা আসতে পারে। তবে সেই শাস্তি এড়ানোর একটি সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিরর। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলে সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে পারেন পারেদেস।

বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনা ও স্পেনের কয়েকজন ফুটবলার হাতাহাতিতে জড়িয়ে পড়েন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, পারেদেস স্পেনের ডিফেন্ডার এরিক গার্সিয়াকে লাথি ও ধাক্কা দেন। পরে গাভিকেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনায় নাহুয়েল মোলিনা, থিয়াগো আলমাদা এবং আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালার নামও উঠে এসেছে।

প্রথমে দাবি করা হয়েছিল, ম্যাচ শেষে পারেদেসকে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছে। তবে পরে জানা যায়, মাঠে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর পুরো ঘটনার তদন্ত শুরু করে ফিফা।

দ্য মিরর-এর প্রতিবেদন অনুযায়ী, ফিফার ডিসিপ্লিনারি কোডের ১৪ নম্বর অনুচ্ছেদে প্রতিটি সহিংস আচরণের জন্য ন্যূনতম তিন ম্যাচ নিষেধাজ্ঞার বিধান রয়েছে। তদন্তে পারেদেসের বিরুদ্ধে তিনটি পৃথক অভিযোগ প্রমাণিত হলে মোট নয় ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

তবে প্রতিবেদনে বলা হয়েছে, পারেদেস যদি ফিফার রায় ঘোষণার আগে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন, তাহলে সম্ভাব্য এই নিষেধাজ্ঞা বাস্তবে আর ভোগ করতে নাও হতে পারে।

Link copied!