প্রাইজবন্ডের ১২৪তম ড্র, ফলাফল জানবেন যেভাবে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ২, ২০২৬, ০২:০৭ পিএম

প্রাইজবন্ডের ১২৪তম ড্র, ফলাফল জানবেন যেভাবে

ছবি: সংগৃহীত

একশ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডের ১২৪তম ড্র আজ (রোববার) অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সকাল ১১টায় এ ড্র অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

বিবরণীতে বলা হয়েছে, সিঙ্গেল কমন ড্র পদ্ধতিতে প্রাইজ বন্ডের এ ড্র অনুষ্ঠিত হবে। প্রতিটি সিরিজে মোট ৪৬টি পুরস্কার থাকবে। এর মধ্যে রয়েছে ছয় লাখ টাকার একটি, তিন লাখ ২৫ হাজার টাকার একটি, এক লাখ টাকার দুটি, ৫০ হাজার টাকার দুটি এবং ১০ হাজার টাকার ৪০টি পুরস্কার।

ড্রয়ের ফলাফল আগামী ৩ আগস্ট জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে।

নির্ধারিত ড্র তারিখের ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে এবং ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজ বন্ড বিক্রি হয়েছে, সেগুলো এ ড্রয়ের আওতাভুক্ত হবে। আয়কর আইন ২০২৩-এর ১১৮ ধারা অনুযায়ী, প্রাইজ বন্ডে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে কর কাটার বিধান রয়েছে।

ফলাফল জানার পদ্ধতি

বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের সার্চ বক্সে এক বা একাধিক প্রাইজ বন্ড নম্বর অনুসন্ধান করা যাবে। একটি নম্বরের ফলাফল জানতে শুধু নম্বরটি টাইপ করতে হবে, সিরিজ উল্লেখ করার প্রয়োজন নেই।

একাধিক প্রাইজ বন্ড নম্বর ক্রমানুসারে থাকলে প্রথম ও শেষ নম্বরের মাঝে হাইফেন (-) ব্যবহার করে অনুসন্ধান করা যাবে। আর নম্বরগুলো ধারাবাহিক না হলে কমা দিয়ে আলাদা করে লিখে ফলাফল জানা যাবে।

এ ছাড়া প্রাইজ বন্ডের লটারির ফলাফল জানার জন্য বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ চালু করেছে প্রাইজ বন্ড রেজাল্ট ইনকুয়্যারি সফটওয়্যার (পিবিআরআইএস)। এর ওয়েব ঠিকানা www.irdbd.online।

এই সফটওয়্যারের মাধ্যমে দুইভাবে ফলাফল অনুসন্ধান করা যাবে—সরাসরি সার্চ বক্সে নম্বর লিখে অথবা নম্বর আপলোড করে।

প্রথম পদ্ধতি: সার্চ বক্সে প্রাইজ বন্ডের নম্বর (সিরিজ ছাড়া) বাংলা বা ইংরেজিতে লেখা যাবে। একসঙ্গে একাধিক নম্বর অনুসন্ধান করতে হলে কমা দিয়ে আলাদা করতে হবে। ধারাবাহিক নম্বরের ক্ষেত্রে প্রথম ও শেষ সংখ্যার মাঝে হাইফেন ব্যবহার করতে হবে।

দ্বিতীয় পদ্ধতি: মাইক্রোসফট এক্সেল শিটের ‘এ’ কলামে প্রাইজ বন্ডের নম্বরগুলো (সিরিজ ছাড়া) ইংরেজিতে লিখে ফাইলটি সফটওয়্যারে আপলোড করতে হবে। অনুসন্ধানের তারিখ থেকে পূর্ববর্তী দুই বছরের মধ্যে প্রকাশিত ফলাফলের সঙ্গে কোনো মিল পাওয়া গেলে ফলাফলের কপি দেখাবে।

সফটওয়্যারটির মাধ্যমে প্রাইজ বন্ড ক্রেতারা পুরস্কারের টাকা দাবি করার ফরম ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি প্রাইজ বন্ডের ড্র সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও পাওয়া যাবে।

ক্রেতারা বিনামূল্যে এ সফটওয়্যারে ইমেইল সাবস্ক্রিপশন করতে পারবেন। সাবস্ক্রিপশন করা ব্যক্তিরা প্রতি তিন মাস পর প্রকাশিত ফলাফল সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে ইমেইলের মাধ্যমে জানতে পারবেন।

Link copied!