মেট্রো স্টেশনে উদ্ধার হওয়া বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২৬, ০৪:২১ পিএম

মেট্রো স্টেশনে উদ্ধার হওয়া বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ পরিত্যক্ত বস্তু উদ্ধারের ঘটনায় কয়েক ঘণ্টা আতঙ্ক ছড়িয়ে পড়লেও শেষ পর্যন্ত সেগুলোতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার সকালে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের পশ্চিম পাশে লিফটের কাছে একটি পরিত্যক্ত ব্যাগ এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

নিরাপত্তার স্বার্থে দুপুর ১টা ১০ মিনিটের দিকে সাময়িকভাবে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে দুই এলাকাই ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।

খবর পেয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দল ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষা শুরু করে।

ডিএমপি জানায়, মিরপুর-১০ স্টেশনে উদ্ধার হওয়া ব্যাগটি প্রথমে এক্স-রে করা হয়। ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত হওয়ায় নির্ধারিত নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে সেটি নিষ্ক্রিয় করা হয়। পরে ব্যাগ খুলে দেখা যায়, সেখানে ছিল একটি জর্দার কৌটা ও পান। কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু পাওয়া যায়নি।

অন্যদিকে ফার্মগেটে উদ্ধার হওয়া পরিত্যক্ত বস্তাটিও বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা করে। হ্যান্ড এন্ট্রি পদ্ধতিতে তল্লাশির পর নিশ্চিত হওয়া যায়, সেটিতেও কোনো ধরনের বিস্ফোরক ছিল না।

ঘটনার পর ডিএমপি নগরবাসীকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সন্দেহজনক কোনো বস্তু চোখে পড়লে দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করেছে।
পুলিশ জানিয়েছে, রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

Link copied!