আগস্ট ১, ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা ভণ্ডুল করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় এক ভারতীয় যাত্রীকে আটক করা হয়েছে।
শনিবার সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬-এ সকালে চট্টগ্রামে পৌঁছান ভারতীয় নাগরিক থামিম আনসারি। গোপন তথ্যের ভিত্তিতে গ্রিন চ্যানেল অতিক্রম করার পর তাকে তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তার আন্ডারওয়্যারের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করেন কর্মকর্তারা।
কাস্টমস গোয়েন্দারা জানান, প্যাকেটসহ উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ৪৫৫ গ্রাম। বর্তমানে প্যাকিং সামগ্রী সরিয়ে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রক্রিয়া চলছে।
সিআইআইডি জানিয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।