জুলাই ৩১, ২০২৬, ০৭:৫৫ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব সম্প্রদায়ের মানুষ হাজার বছর ধরে একসঙ্গে বসবাস করে আসছে, তাই দেশে বিভাজনের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (শুক্রবার) রাজধানীতে ‘সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘যারা একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে ভুলে যেতে চায় কিংবা ভুলিয়ে দিতে চায়, তারা কখনোই বাংলাদেশকে বিশ্বাস করে না।’
তিনি বলেন, দেশের অন্যতম বড় দুর্বলতা হলো এখনো একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। তার ভাষ্য, ‘আমাদের মূল দুর্বলতা হলো আমরা এখনও একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে পারিনি। বিগত ১৫ বছরে দেশের গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছিল। তবে আমরা অতীতের সেই ক্ষত কাটিয়ে এখন নতুন করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।’
ধর্মের নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী—এমন অভিযোগ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সামনে দেশের জন্য অনেক সমস্যা ও বড় চ্যালেঞ্জ রয়েছে। তিনি জুলাই আন্দোলনকে ছোট করে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, ‘সামনে অনেক সমস্যা ও বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। জুলাই আন্দোলনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে যারা ধর্মকে ব্যবহার করে সমাজে ফাটল ধরাতে চায়, তাদের যে কোনো মূল্যে রুখে দিতে হবে।’
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্য যেকোনো মূল্যে রক্ষা করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘সব ধর্মের মানুষের নিরাপত্তা বিধান এবং সমান অধিকার নিশ্চিত করাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধান দায়িত্ব।’