দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১৫৩ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ (শুক্রবার) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গুরোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৯ জন, খুলনা বিভাগে চার জন এবং বরিশাল বিভাগে চার জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৫ হাজার ৩১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যুসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, চলতি বছরে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৮৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১৬৭ জন।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং এ সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১৩ জনের।
এ ছাড়া, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং এ সময়ে ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।
অন্যদিকে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।