দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৭৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
আজ (বুধবার) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত একদিনে হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর প্রাণহানি হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৭৩৫ জন এবং হামে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ৯৬ জনের।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরও ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে মোট ১৫ হাজার ৭৩৯ জনের হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৯৮ জন।