জুলাই ২৮, ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: বিবিসি
জুলাই আন্দোলনে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ও স্নাইপার রাইফেল ব্যবহারের অভিযোগ নিয়ে কিছু বিভ্রান্তিকর বক্তব্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ (মঙ্গলবার) দুপুরে সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ পুলিশের হাতে দীর্ঘদিন ধরে টাইপ-৫৬ রাইফেল ছিল, যা সাধারণভাবে ‘চাইনিজ রাইফেল’ নামে পরিচিত। এই অস্ত্রে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি ব্যবহার করা হয়।
টাইপ-৫৬ রাইফেলকে সামরিক মানের অস্ত্র উল্লেখ করে তিনি বলেন, এর কার্যকর মারণসীমা অনেক বেশি। লক্ষ্যভ্রষ্ট গুলিও কয়েকশ মিটার দূরের মানুষকে হত্যা করতে পারে। এ ধরনের অস্ত্র সাধারণ পুলিশের হাতে দেওয়া উচিত ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
উপদেষ্টা দাবি করেন, পুলিশ ও বিজিবির সদস্যদের এই অস্ত্র থেকে গুলি করার ছবি ও ভিডিও রয়েছে। ফলে ৭ দশমিক ৬২ মিলিমিটার গুলি শুধু অজ্ঞাত কোনো স্নাইপার ব্যবহার করেছে—এমন প্রচারণা সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।
তবে কার গুলিতে কে নিহত হয়েছেন, তা নিশ্চিত করতে সুষ্ঠু তদন্তের প্রয়োজন রয়েছে বলেও জানান ডা. জাহেদ উর রহমান।