এবার সিলেটে আমাদের গাড়িতে হামলা হয়েছে: সারজিস

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ০৩:৩৬ পিএম

এবার সিলেটে আমাদের গাড়িতে হামলা হয়েছে: সারজিস

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা হয়েছে বলে দাবি করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

আজ (বৃহস্পতিবার) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।

সারজিস আলম লেখেন, ‘সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে র/ক্তাক্ত হামলা করেছে বিএনপি‍‍`র সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।’

এর আগে গত ১৮ জুলাই হবিগঞ্জের আজমিরীগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় সারজিস আলম আহত হন। ওই হামলার জন্য বিএনপিকে দায়ী করেন সারজিস।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, হবিগঞ্জে বাধার মুখে পড়া এনসিপির ‘জুলাই পদযাত্রা’ বৃহস্পতিবার সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। আজ সিলেটের দুটি উপজেলায় এবং আগামীকাল শুক্রবার আরও তিন উপজেলায় পদযাত্রা করবে দলটি।

হবিগঞ্জ ও মৌলভীবাজারের ঘটনার পর এনসিপির কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেটের পাঁচ উপজেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

জুলাই মাসজুড়ে এনসিপি ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেয়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ৩০ জুলাই এ কর্মসূচি সিলেটে যাওয়ার কথা ছিল।

এনসিপির সিলেট জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ জানান, বৃহস্পতিবার পদযাত্রা নিয়ে এসে এনসিপি নেতারা প্রথমে সিলেটের গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। এরপর বিকেলে কানাইঘাট ও সন্ধ্যায় ওসমানীনগর উপজেলায় সমাবেশ করবেন।

তিনি আরও জানান, শুক্রবার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় সমাবেশ করবেন দলের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।

Link copied!