তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩০, ২০২৬, ১২:৫৫ পিএম

তিন দিনের সফরে আজ ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে তাঁর। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন।

কূটনৈতিক সংশ্লিষ্টদের মতে, সার্জিও গরের এ সফরের প্রধান উদ্দেশ্য হতে পারে বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা।

তাদের ধারণা, সাম্প্রতিক সময়ে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান সম্পর্কে আরও স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন আগ্রহ তৈরি করেছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গর বাংলাদেশ-ভারত সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে ঢাকার বর্তমান সম্পর্কের অগ্রগতি নিয়েও জানতে চাইতে পারেন। পাশাপাশি প্রয়োজন হলে ভারত সরকারের উদ্দেশ্যে কোনো বার্তাও তিনি বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিতে পারেন।

এ ছাড়া চীনের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা সম্পৃক্ততা, রাশিয়া ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং এসব বিষয়ে ঢাকার অবস্থান নিয়েও আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর গত মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ওই বৈঠকে উপস্থিত ছিলেন সার্জিও গরও। সেখানে উভয় পক্ষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতের মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

Link copied!