জুলাই ২৫, ২০২৬, ০৭:১৫ পিএম
মেঘমল্লার বসু, ছবি: সংগৃহীত।।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু সংগঠন থেকে পদত্যাগ করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ায় স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) তৈরি হয়েছে। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মেঘমল্লার বসু ও মাঈন আহমেদ স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন। পরে কেন্দ্রীয় কমিটি তাদের পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়।
একই প্রেক্ষাপট বিবেচনায় কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ছাত্র ইউনিয়ন জানায়, সংগঠনের আদর্শ, নীতি ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের নীতিমালা অনুযায়ী, একাধিক রাজনৈতিক সংগঠনের নীতিনির্ধারণী দায়িত্ব একসঙ্গে পালন করা ছাত্র ইউনিয়নের সাংগঠনিক কাঠামো ও আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।
বিজ্ঞপ্তিতে বিদায়ী নেতাদের সংগঠনে অবদানের জন্য ধন্যবাদ জানানো হয় এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের সফলতা কামনা করা হয়।