মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৬:৫৫ পিএম

মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫ শতাংশ মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা নিশ্চিত এবং চা শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচন আয়োজনের দাবিতে সিলেটে বিক্ষোভে নেমেছেন চা শ্রমিকরা।

শনিবার  সকাল সাড়ে ৯টার দিকে চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে সিলেটের খাদিম চা বাগানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শ্রমিকরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করে সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়।

চা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সবুজ তাঁতীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের প্রধান সমন্বয়ক এস এম শুভ, উপদেষ্টা সৈয়দ ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক দীপ্ত নায়েক এবং শ্রমিকনেতা সুশান্ত চাষা।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে বর্তমান মজুরি কাঠামোর কোনো সামঞ্জস্য নেই। বছরে মাত্র ৮ টাকা করে মজুরি বাড়ানোকে তারা ‘প্রহসন’ উল্লেখ করে বলেন, বর্তমান ১৮৭ টাকা দৈনিক মজুরিতে পরিবার নিয়ে বেঁচে থাকা অসম্ভব।

তারা আরও বলেন, প্রায় ২০০ বছর ধরে চা বাগানে বসবাস করলেও এখনো ভূমির মালিকানা পাননি শ্রমিকরা। ফলে তারা নানা নাগরিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত ভূমির মালিকানা নিশ্চিত করার দাবি জানান তারা।

সমাবেশে এস এম শুভ বলেন, দেশের সবচেয়ে কম মজুরিতে কাজ করা শ্রমিকদের মধ্যে চা শ্রমিকরা অন্যতম। ন্যায্য মজুরি আদায়ে সব বাগানের শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতি সবুজ তাঁতী হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে এবং প্রয়োজন হলে অনির্দিষ্টকালের জন্য রাজপথে অবস্থান করা হবে।

সমাবেশের আগে খাদিম চা বাগানের লোহার পুল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট-তামাবিল মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। পরে নির্ধারিত সময় শেষে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

Link copied!