লালমনিরহাটে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৭:০৩ পিএম

লালমনিরহাটে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে আসামি করে থানায় মামলা হয়েছে। অভিযোগের পর অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বিষয়টি স্বীকার করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, উপজেলার পশ্চিম ভেলাবাড়ী নামুড়ীরপাড় এলাকার মাদরাসাতু তাহফিযীল কুরআন ওদ্দীনিয়া হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ওই শিক্ষার্থী আবাসিকভাবে মাদরাসায় থাকত।

অভিযোগে বলা হয়, গত ২১ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাদরাসার শিক্ষক মো. শাহজালাল হক (২৩) শিক্ষার্থীকে মাথা টিপে দেওয়ার কথা বলে নিজের কক্ষে ডাকেন। সেখানে তিনি জোরপূর্বক শিশুটিকে বলাৎকার করেন এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখান।
পরদিন সকালে শিশুটি বাড়িতে ফিরে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় ছিল। পরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানালে তারা বিষয়টি জানতে পারেন।

এরপর পরিবারের সদস্যরা স্থানীয় লোকজনকে নিয়ে মাদরাসায় গেলে অভিযুক্ত শিক্ষককে সেখানে পাওয়া যায়নি। মাদরাসা কর্তৃপক্ষ জানায়, তিনি ছুটিতে বাড়িতে গেছেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ২৪ জুলাই রাতে শিক্ষক মাদরাসায় ফিরে এলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে সময় তিনি অভিযোগের বিষয়টি স্বীকার করেন বলে দাবি করা হয়েছে।

পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে চিকিৎসা দিয়ে আদিতমারী থানায় নেওয়া হয়। এরপর ভুক্তভোগী শিশুর বাবা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, ভুক্তভোগীর বাবার অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!