চট্টগ্রামে নিরাপত্তারক্ষীকে পিটিয়ে হত্যা মামলায় ৭ আসামি গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ০১:১০ পিএম

চট্টগ্রামে নিরাপত্তারক্ষীকে পিটিয়ে হত্যা মামলায় ৭ আসামি গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং এলাকায় এক নিরাপত্তাকর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে সাত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা দায়েরের মাত্র চার ঘণ্টার মধ্যেই এজাহারভুক্ত আসামিদের আটক করা হয়।

শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ।

গ্রেপ্তারকৃতরা হলেন—শেখ আহমেদ রুবেল (৩৫), মো. সাইফুল ইসলাম (২৭), মনিরুজ্জামান মামুন (২৮), মো. জামাল উদ্দিন মিজান (৪৫), মো. গোলাম রব্বানী (৫৫), মো. আবুল বাশার (৩৯) ও পেয়ার আহাম্মদ (৫৫)।

পুলিশ জানায়, গত ১৫ জুলাই রাত ১০টার দিকে ডবলমুরিং এলাকার একটি গ্যারেজে দায়িত্ব পালন করছিলেন নিরাপত্তাকর্মী আবু সিদ্দিক। এ সময় একদল ব্যক্তি সংঘবদ্ধভাবে সেখানে ঢুকে তার ওপর হামলা চালায়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা প্রথমে কিল-ঘুষি ও মারধর করে সিদ্দিককে গুরুতর আহত করে। পরে রিকশার চাকার একটি লোহার রিং দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের পর ঘটনাটি আড়াল করতে মরদেহ গ্যারেজে থাকা একটি মিনি পিকআপে তুলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সকালে নিহতের ঘটনায় ডবলমুরিং মডেল থানায় মামলা দায়ের করা হয়। এরপরই অভিযান চালিয়ে কয়েক ঘণ্টার মধ্যেই সাত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

সিএমপি জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হত্যাকাণ্ডের পেছনের কারণ এবং এতে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Link copied!