জুলাই ১৮, ২০২৬, ০১:৪৭ পিএম
ছবি : সংগৃহীত
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ এই মৃত্যুর পর চলতি বছরে বিভাগজুড়ে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।
শনিবার সকালে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।
মারা যাওয়া তিন শিশু হলো কামরুল, কৃষ্ণা ও নিহাদ। তাদের প্রত্যেকের বয়স ১০ মাসের নিচে। তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৯৭ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগীর হাম শনাক্ত হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৫৩৪ জনের শরীরে পরীক্ষাগারে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।
এ পর্যন্ত মারা যাওয়া ৯৯ শিশুর মধ্যে চারজনের ক্ষেত্রে পরীক্ষায় হাম সংক্রমণ নিশ্চিত করা গেছে। বাকি মৃত্যুগুলো হামের উপসর্গ থাকা সন্দেহভাজন রোগীদের।