দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ২ জন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
ফলে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনে। এর মধ্যে মোট ১৪ হাজার ১০৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে সারা দেশে মোট ৯৭ হাজার ৯১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।