ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩২ জনের মধ্যে।
আজ (মঙ্গলবার) বিকালে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ২১৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮১৯ জন। এ সময়ে নতুন করে ৭৮৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৮২ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ জনে। অন্যদিকে, নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৪ জন।
এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯০ হাজার ৫২২ জন রোগী। তাদের মধ্যে ৮৬ হাজার ৮৪৪ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন।