জুলাই ৭, ২০২৬, ০১:১৪ পিএম
ছবি: সংগৃহীত
আগামী অক্টোবর থেকে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, যা আগামী বছরের অক্টোবরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
আজ (মঙ্গলবার) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
তথ্য উপদেষ্টা জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ইতোমধ্যে রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে।
ব্রিফিংয়ে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গত জুন মাসে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার যেসব অভিযোগ পাওয়া গেছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বন্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, দেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ কারণে দেশের খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খাদ্য ব্যবসার সঙ্গে জড়িতদের সচেতন করার পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা প্রতিরোধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি তদন্ত করা হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটক এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির বিষয়েও কথা বলেন তিনি। জাহেদ উর রহমান বলেন, জুলাই নিয়ে কটূক্তি বা মন্তব্য করা অত্যন্ত মর্মান্তিক। তবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ী এটি অপরাধের পর্যায়ে পড়ে না। এসব মন্তব্যকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে কিনা, সে বিষয়ে আলোচনা হতে পারে।
কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের যেসব নেতা ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদের মধ্যে কারও কারও সাজা হয়েছে এবং অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাদের বাংলাদেশে হস্তান্তরের বিষয়টি রয়েছে বলেও জানান তিনি। তবে তাদের দেশের বিরুদ্ধে বড় ধরনের কিছু করার সক্ষমতা রয়েছে বলে তিনি মনে করেন না।