বিশ্বকাপ থেকে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ১২:০১ পিএম

বিশ্বকাপ থেকে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

ছবি: রয়টার্স

এটাই শেষ বিশ্বকাপ—আগেই এমন ঘোষণা দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বিদায়ের মঞ্চে বিশ্বকাপ জয়ের স্বপ্ন আর পূরণ হলো না তার। শেষ ষোলোতেই থেমে গেল পর্তুগালের অভিযান। স্পেনের কাছে ১-০ গোলের পরাজয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে রোনালদোর দল। অন্যদিকে এই জয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেন নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল করে জয় নিশ্চিত করেন মিকেল মেরিনো। এই হারে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। ম্যাচের ৮ মিনিটেই বড় সুযোগ তৈরি করে তারা। দানি অলমোর দুর্দান্ত থ্রু বলে মিকেল ওইয়েরজাবাল একেবারে গোলরক্ষকের মুখোমুখি হলেও তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

এর চার মিনিট পরই সুযোগ আসে পর্তুগালের। ম্যাচের ১২ মিনিটে বক্সের ডান পাশে ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন রোনালদো। তবে সেটি সহজেই প্রতিহত করেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন।

১৬ মিনিটে পর্তুগালকে নিশ্চিত বিপদ থেকে রক্ষা করেন গোলরক্ষক দিয়োগো কস্তা। প্রথমে লামিন ইয়ামালের শট ঠেকানোর পর ফিরতি বলে বায়েনার নেওয়া শটও দারুণ দক্ষতায় প্রতিহত করেন তিনি।

প্রথমার্ধে আরও একটি বড় সুযোগ পায় পর্তুগাল। জোয়াও ফেলিক্সের পাস থেকে বাইসাইকেল কিক করেন রোনালদো। পোস্ট ছিল প্রায় ফাঁকা। কিন্তু ঝাঁপিয়ে পড়ে সেই শট ঠেকিয়ে দেন উনাই সিমন। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় পর্তুগাল। বক্সের বাইরে থেকে নুনো মেন্দেসের নেওয়া শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর ৫৫ মিনিটের দিকে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় নুনো মেন্দেসকে, যা পর্তুগালের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়ায়।

৭২ মিনিটে বক্সের ডান পাশে ফ্রি কিক পায় স্পেন। সেখান থেকে ইয়ামালের নেওয়া শট আবারও দারুণভাবে রুখে দেন দিয়োগো কস্তা।

তবে ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ দিকে আসে নিষ্পত্তি। ৯০ মিনিটে ফ্রি কিক থেকে তৈরি হওয়া আক্রমণে তরেসের বাড়ানো বল নিচু ও জোরালো শটে জালে পাঠান মিকেল মেরিনো। তার একমাত্র গোলেই এগিয়ে যায় স্পেন।

যোগ করা সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল পর্তুগাল। বের্নার্দো সিলভার হেড লক্ষ্যভ্রষ্ট হয়ে বারের ওপর দিয়ে চলে গেলে আর ঘুরে দাঁড়াতে পারেনি রোনালদোর দল।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় স্পেন। অন্যদিকে শেষ বিশ্বকাপ খেলতে নামা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে বিদায় নিতে হয় শেষ ষোলো থেকেই।

Link copied!