জুলাই ৬, ২০২৬, ০৫:০৯ পিএম
ছবি: সংগৃহীত
বলিউড তারকা আমির খান তৃতীয়বারের মতো গৌরি স্প্র্যাটকে বিয়ে করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে সালমান খানের একটি পুরোনো মন্তব্য। অভিনেতাকে নিয়ে করা সেই রসিকতা এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে।
এনডিটিভির বরাতে জানা যায়, কয়েক বছর আগে জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হয়ে গিয়েছিলেন সালমান খান। সেসময় অনুষ্ঠানের সঞ্চালক কপিল শর্মা মজা করে বলেন, আমির সবাইকে তার প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। আপনি তো তার চেয়ে ছয় মাসের ছোট। কিন্তু তিনি থামছেন না, আর আপনি বিয়েই করছেন না।
জবাবে সালমান নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, আমির আলাদা ধরনের মানুষ। সবাই জানে, সে একজন পারফেকশনিস্ট। বিয়েটাকে একদম নিখুঁত করতে না পারা পর্যন্ত আমির বিয়ে করতেই থাকবে। সালমানের এই মন্তব্যে তখন পুরো স্টুডিও হাসিতে ফেটে পড়েছিল। এখন আমিরের নতুন বিয়ের পর সেই ভিডিও আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাড়িতে ঘরোয়া আয়োজনে আমির খান ও গৌরি স্প্র্যাটের নিবন্ধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও কয়েকজন বন্ধু উপস্থিত ছিলেন।
আমিরের আগের দুই সংসারের তিন সন্তান—আজাদ রাও খান, ইরা খান ও জুনায়েদ খান—অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া মেয়ের জামাই নূপুর শিখারে এবং তার মা-ও অনুষ্ঠানে ছিলেন। নির্মাতা আশুতোষ গোয়ারিকর, সাবেক ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান এবং রাজনীতিক রাজ ঠাকরেও বিয়ের অনুষ্ঠানে যোগ দেন।
উল্লেখ্য, গত বছরের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরি স্প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির খান। তখন তিনি জানান, তাদের পরিচয় ২৫ বছরেরও বেশি সময়ের হলেও প্রেমের সম্পর্ক খুব বেশি দিন আগে শুরু হয়নি। আর এবার সেই সম্পর্ক থেকেই বিয়ে।