ছবি: সংগৃহীত
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই বিনোদন দুনিয়ায় গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। আগামী ৫ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার (২ জুলাই) মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ চলচ্চিত্রের বিশেষ স্ক্রিনিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই তার বিয়ের খবরটি নিশ্চিত করেন।
সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে জানা যায়, বিয়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খান বলেন, ‘হ্যাঁ, আগামী ৫ জুলাই আমার বিয়ে। এটি অত্যন্ত ছোট এবং পারিবারিক একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা দুই পরিবারের উপস্থিতিতে ঘরেই বিয়ের আনুষ্ঠানিকতা সারছি।’
দিনটি তাদের জীবনের জন্য অত্যন্ত বিশেষ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের জন্য এটি অত্যন্ত বিশেষ একটি দিন। আমরা সবার আশীর্বাদ ও ভালোবাসা প্রত্যাশা করছি। আমাদের সুখী জীবন ও সুন্দর পথচলার জন্য সবাই প্রার্থনা করবেন।’
আমির যখন সাংবাদিকদের কাছে এই সুখবরটি দিচ্ছিলেন, তখন তার বড় ছেলে জুনায়েদ খান সেখানে উপস্থিত ছিলেন। বাবার এই ঘোষণার সময় তাকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এর আগে গত বছর মার্চে নিজের ৬০তম জন্মদিন উদ্যাপনের সময় গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আনেন আমির খান। সে সময় তিনি মুম্বাইয়ের সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন এবং তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ করেন।
আমির খান এর আগে রীনা দত্তকে বিয়ে করেছিলেন। সেই সংসারে তাদের দুই সন্তান—জুনাইদ ও ইরা খান। পরে তিনি চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং এই দম্পতির একমাত্র সন্তান আজাদ। ২০২১ সালে আমির ও কিরণ তাদের বিচ্ছেদের ঘোষণা দেন।
গত বছর মুম্বাইয়ে এক প্রাক-জন্মদিনের অনুষ্ঠানে আমির গৌরী স্প্র্যাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দেন এবং জানান, তারা এক বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন।