দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১০৬ জন শিশু আক্রান্ত হয়েছে।
আজ (সোমবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৬৪৮ শিশুর। একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ, হাম ও হামের উপসর্গ মিলিয়ে এ সময়ে মোট ৭৪১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫৯ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৪৭ জন। এ সময়ে ৮৯০ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯৪০ শিশু চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছে।
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ছয় হাজার ৫৬৫ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৭৯১। এ সময়ে মোট ৮৯ হাজার ৭৩৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৮৬ হাজার ৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।