ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। (আজ বৃহস্পতিবার) এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য ঘোষণা করে সংস্থাটি। নতুন দর বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
বিইআরসি জানায়, নতুন মূল্য অনুযায়ী ভোক্তাপর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৮৫ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
সংস্থাটি আরও জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশে এই নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।
এর আগে গত ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দামও কিছুটা কমানো হয়।
নতুন দামে সাধারণ ভোক্তা ও পরিবহন খাতে কিছুটা স্বস্তি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।