ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুঃসংবাদ দিলেন ‘পটল’

শোবিজ ডেস্ক

জুন ৩০, ২০২৬, ০২:১৫ পিএম

ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের দুঃসংবাদ দিলেন ‘পটল’

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’–এ ‘পটল’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া শিশুশিল্পী অভিনেত্রী হিয়া দে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২৯ জুন) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে ক্যাপশনে তিনি লেখেন, ‘কখনো এরকম কুল রোগী দেখেছো, হাত ভাঙা?’

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন এবং তার হাতে শিগগিরই অস্ত্রোপচার করা হবে। তার মা জানিয়েছেন, মেয়ের হাতে প্লেট বসানো হবে। হাসপাতালের বিছানা থেকে পোস্ট করা ছবিতে দেখা যায়, তার হাত ব্যান্ডেজ করা।

পরিবার সূত্রে জানা যায়, স্কুলে অনুর্ধ্ব-১৯ কাবাডি প্রতিযোগিতার প্রস্তুতির সময় অনুশীলন করতে গিয়ে তিনি দুর্ঘটনায় পড়েন। হঠাৎ পড়ে গিয়ে তার শরীরের পুরো ভার ডান হাতের কব্জির ওপর পড়ে, ফলে গুরুতর আঘাত পান।

প্রথমদিকে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও কয়েকদিন পর ব্যথা বেড়ে গেলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার কব্জির হাড় ভেঙে গেছে। পরে জানা যায়, এ কারণে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার মা আরও জানান, দুর্ঘটনার বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করেছিল হিয়া, যার জন্য তাকে বকাও দেওয়া হয়েছে। পরে অবস্থার অবনতি হলে বিষয়টি প্রকাশ পায় এবং চিকিৎসা শুরু হয়।

উল্লেখ্য, ‘পটল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া হিয়া এখন বড় হয়েছেন এবং বর্তমানে একাদশ শ্রেণির শিক্ষার্থী। অভিনয়ের পাশাপাশি তিনি পড়াশোনা ও খেলাধুলাও চালিয়ে যাচ্ছেন। তিনি জানিয়েছেন, পড়াশোনা শেষ করে আবারও অভিনয়ে ফিরতে চান।

Link copied!