কান্নাভেজা বিদায়ের পর অবসর নিয়ে যা বললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ১২:৫০ পিএম

কান্নাভেজা বিদায়ের পর অবসর নিয়ে যা বললেন রোনালদো

ছবি: এপি

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেই ক্রিস্টিয়ানো রোনালদো ঘোষণা দিয়েছিলেন, উত্তর আমেরিকা বিশ্বকাপই হবে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ম্যাচ শেষে সেই সিদ্ধান্তই পুনর্ব্যক্ত করেছেন পর্তুগিজ মহাতারকা। তবে আপাতত ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছেন না তিনি।

৪১ বছরে পা দেওয়া রোনালদো জানিয়েছেন, সামনে তিনি নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে চান এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। এ বিষয়ে কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতে রাজি নন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

রোনালদো বলেন, ‘আমি চিন্তা করার এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাব। কোনও তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেব না। জীবন এগিয়ে যাবে।’

ক্যারিয়ারে টানা ছয়টি বিশ্বকাপ খেলেছেন রোনালদো। এই সময়ে ২৭ ম্যাচে করেছেন ১১টি গোল। এবারের আসরে নকআউট পর্বে গোল না করার আক্ষেপও ঘুচেছে তার। তাই বিশ্বকাপ জিততে না পারলেও নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই বলেই জানিয়েছেন তিনি।

স্পেনের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেওয়ার পর মাঠে কান্নায় ভেঙে পড়েন রোনালদো। পরে নিজেকে সামলে জাতীয় দলের হয়ে নিজের অর্জনের কথাই তুলে ধরেন।

তিনি বলেন, ‘আমি আমার সেরাটা দিয়েছি। পর্তুগালের হয়ে তিনটি শিরোপা জিতেছি। ক্রিস্টিয়ানোর আগে পর্তুগালের কোনও শিরোপা ছিল না, তাই আমি খুশি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা, যা আমার কাছে বিশ্বকাপের সমান গুরুত্বের।’

বিদায়ের মুহূর্তেও নিজের অবদান নিয়ে আত্মতৃপ্তির কথা জানান রোনালদো। তার ভাষ্য, পর্তুগালের জার্সিতে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি এবং সেই তৃপ্তি নিয়েই বিশ্বকাপ মঞ্চকে বিদায় জানাচ্ছেন।

তিনি আরও বলেন, ‘আমি একদম পরিষ্কার বিবেক নিয়ে বিদায় নিচ্ছি। আমি আমার সেরাটা দিয়েছি। আগামীকাল একটি নতুন দিন হবে, জীবন তার নিয়মেই চলবে।’

Link copied!