হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৬:১৪ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৭ জন।

আজ (শুক্রবার) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ৯৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। ফলে গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩ হাজার ৯৬১ জনে।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় ১৩৯ জনের শরীরে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪২৫ জনে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭ হাজার ২৬২ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৩ হাজার ৫৪৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে ৩ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গে মোট ৬৩৬ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।

Link copied!