আবারও কমল জেট ফুয়েলের দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৫:২০ পিএম

আবারও কমল জেট ফুয়েলের দাম

ছবি: সংগৃহীত

দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ (মঙ্গলবার) বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য নির্ধারণের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জুলাই মাসে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে লিটারপ্রতি দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।

এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ জুন দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। একই সময়ে আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।

অভ্যন্তরীণ ফ্লাইটে বাংলাদেশি ক্রেতা এবং আন্তর্জাতিক ফ্লাইটে দেশি-বিদেশি ক্রেতাদের জন্য এই মূল্য প্রযোজ্য হবে। এর আওতায় রয়েছে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার বিমানবন্দর এবং ভবিষ্যতে চালু হওয়া বিমানবন্দরগুলো।

Link copied!