জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে, তবে প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০১:১০ পিএম

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে, তবে প্রস্তুতি আছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার) ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে। তবে তা নিয়ন্ত্রণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, থানা, উপজেলা ও জেলা পর্যায়ে ডেঙ্গুর এনএসওয়ান পরীক্ষার কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও বড় শহরগুলোর হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে, এবং রোগী বাড়লে সেগুলো চালু করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে মসজিদের ইমামসহ সবাইকে পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর মতে, শুধু চিকিৎসা নয়, বরং মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, দীর্ঘ ২৫ বছর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক টেন হেডেড মাইক্রোস্কোপ যুক্ত হয়েছে, যা ক্যানসার শনাক্তকরণ আরও নির্ভুল ও কার্যকর করবে। পাশাপাশি চিকিৎসা শিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে মেডিকেল কারিকুলামে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় তিনি জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসন ও অবকাঠামো উন্নয়ন কাজও চলমান রয়েছে।

এছাড়া আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সফরের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।

Link copied!