ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯৬ জন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৭, ২০২৬, ০৫:৪৭ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১৯৬ জন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে ১৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৩০৬ জনে। তবে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন কোনো রোগীর মৃত্যু হয়নি।

আজ (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১৯৬ জনের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ সময়ে ঢাকা বিভাগে ৫২ জন, বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন এবং খুলনা বিভাগে ২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৮ জন, রাজশাহী বিভাগে ৬ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে নতুন কোনো ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ জুলাই পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৩০৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৯৩১ জন রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৩১৮ জন রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এছাড়া ঢাকা বিভাগে (মহানগরসহ) ২ হাজার ৫৭০ জন, খুলনা বিভাগে ৯০৫ জন, রাজশাহী বিভাগে ২৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ২২৪ জন, সিলেট বিভাগে ৬৮ জন এবং রংপুর বিভাগে ৩২ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন এবং বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগে ১ জন করে মারা গেছেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৩৯ জন রোগী। ফলে বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট ৬ হাজার ৬৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ঢাকা মহানগরেই চিকিৎসা নিচ্ছেন ১৪১ জন।

Link copied!