হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২, ২০২৬, ০৭:৪৪ পিএম

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পাঁচ শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৩১ শিশু। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৬৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৯৩।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১৫৪ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১২ হাজার ২৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৬ হাজার ৪১১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮২ হাজার ৭৫৯ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে হামের উপসর্গে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং একজন বরিশাল বিভাগের।

Link copied!