জুলাই ৮, ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত
মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যু ৭৪৫, হাসপাতালে ভর্তি ৯১ হাজারের বেশি
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯০২ শিশু।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৫২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১০৬ জন শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ৭৯৬ শিশু। এ সময়ে নতুন করে ৭৪৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৭৮৪ শিশু।
১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ১৮০। এর মধ্যে ১৩ হাজার ৭০ জনের শরীরে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এ সময়ের মধ্যে মোট ৯১ হাজার ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৭ হাজার ৬২৮ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।