সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৫:১৬ পিএম
ছবি/ দ্য রিপোর্ট ডট লাইভ।
দেশে চলমান হামের প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৯৯ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের একজন সিলেটে এবং অন্যজন বরিশালে মারা গেছে।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টার হিসাব প্রকাশ করে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (DGHS)। দুই মৃত্যুকেই সন্দেহজনক হামজনিত মৃত্যু হিসেবে শ্রেণিভুক্ত করা হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০০ জন। সব মিলিয়ে হাম ও হামের মতো উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে।
এদিকে সংক্রমণও অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৫৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ৪৬১ জনে।
একই সময়ে নতুন করে ৭৯ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৩৫ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন।