সাভারে পুলিশ হত্যা মামলায় ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০২:৩৭ পিএম

সাভারে পুলিশ হত্যা মামলায় ৯ আসামির ১০ দিনের রিমান্ড আবেদন

ছবি: সংগৃহীত

সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় গ্রেপ্তার ৯ আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানা থেকে তাদের আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় আলতাব হোসেনের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করা হয়।

মামলার পর প্রধান আসামি জহিরুলসহ তিনজনকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা-পুলিশ। পাশাপাশি র‍্যাব-১০ চারজন এবং র‍্যাব-৪ আরও চারজন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করে। পরে সোমবার দুপুরের পর র‍্যাব গ্রেপ্তার আটজনকে সাভার মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।

এরপর সোমবার রাতে সাভার মডেল থানা-পুলিশ আরও একজন আসামিকে গ্রেপ্তার করে। এতে মঙ্গলবার আদালতে পাঠানো আসামির সংখ্যা দাঁড়ায় ৯ জন।

পুলিশ জানিয়েছে, মামলার প্রধান আসামি জহিরুল বর্তমানে পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। এ ঘটনায় র‍্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

Link copied!