সেপ্টেম্বর ৮, ২০২৬, ০১:৪৮ পিএম
নিহত গৃহবধু শিল্পী রানী শীল। ছবি: সংগৃহীত।
কক্সবাজারের মহেশখালীতে নিজ ঘরে ঢুকে শিল্পী রানী শীল (৫০) নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত শিল্পী রানী ওই এলাকার ব্যবসায়ী রবি শীল সওদাগরের স্ত্রী।
নিহতের স্বজন নিকাশ শর্মা জানান, রবি শীল বাজারে দোকান করেন। ঘটনার সময় শিল্পী রানী বাড়িতে একাই ছিলেন। ছুরিকাঘাতের খবর পেয়ে দ্রুত বাড়িতে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, রবি শীলের পরিবারের সঙ্গে কারও বিরোধের কথা তারা জানেন না। ওই দম্পতির সন্তানরা পড়াশোনার কারণে চট্টগ্রাম ও ঢাকায় থাকেন। ফলে ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন শিল্পী রানী।
নিজ বাড়িতে গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সুলতান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।