সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৭, ২০২৬, ০২:৫১ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলছেন গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ (সোমবার) সকাল থেকে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করে ব্যাংকটি।

ব্যাংক সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৭৪ হাজার ২২১টি আবেদন জমা পড়েছে। এসব আবেদনের বিপরীতে মোট ৩ হাজার ৯২৫ কোটি টাকা উত্তোলনের আবেদন করা হয়েছে।

একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি হিসেবে কার্যক্রম পরিচালনা করছে পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক। ব্যাংকগুলো হলো—ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। পাঁচ ব্যাংকের মোট শাখার সংখ্যা ৭৬১টি।

আমানতকারীদের অর্থ ফেরত দিতে বাংলাদেশ ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকা দিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আমানত উত্তোলনের জন্য আবেদন তুলনামূলক কম হওয়ায় নবগঠিত ব্যাংকটির প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের বিষয়টি প্রতিফলিত হচ্ছে।

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আপাতত ব্যক্তি আমানতকারীদের জমা টাকার মূল অংশ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট ফেরত দেওয়া হবে। আমানতের বিপরীতে অর্জিত মুনাফা পরবর্তী সময়ে পরিশোধ করা হবে।

অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীরা ঘোষিত স্কিমের বাইরে গিয়ে এই মুহূর্তে অর্থ উত্তোলনের সুযোগ পাবেন না।

Link copied!