সেপ্টেম্বর ৭, ২০২৬, ০১:০৩ পিএম
ছবি: সংগৃহীত
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে ২৯ হাজারের বেশি প্রবাসী অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের ঘটনায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এসব গ্রেপ্তার ও প্রত্যাবাসনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টা করা ব্যক্তিদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। এ ধরনের অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা না করতে এবং দেশটির সংশ্লিষ্ট আইন মেনে চলতে বারবার সতর্ক করে আসছে সৌদি কর্তৃপক্ষ।