সেপ্টেম্বর ৮, ২০২৬, ০২:১৫ পিএম
ডেভিড ইমন, ছবি: সংগৃহীত।
চট্টগ্রামে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে ফোন করে চাঁদা দাবি এবং টাকা না দিলে বাড়িঘর ও প্রতিষ্ঠানে হামলার অভিযোগে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সাত সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে জেলার হাটহাজারী, বায়েজীদ ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
পুলিশ জানায়, সম্প্রতি এক চিকিৎসকের কাছে বিদেশি নম্বর ব্যবহার করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি জানার পর তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে ওই চাঁদাবাজির সঙ্গে জড়িতদের শনাক্ত করে অভিযান চালানো হয়।
পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা ডেভিড ইমনের সহযোগী। তবে নিজেদের উদ্যোগে তারা আলাদা একটি চক্রও গড়ে তুলেছিল। চক্রটি বিভিন্ন ব্যবসায়ীর তথ্য সংগ্রহ করে তাদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। টাকা দিতে রাজি না হলে বাড়ি বা ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভয়ভীতি দেখানো হতো।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার।
এদিকে সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি একনলা দেশি বন্দুক জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।