ছবি: সংগৃহীত
পালমেইরাসের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে অন্তত এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে গ্রেড ২বি চোট পাওয়ায় সান্তোসের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গত সপ্তাহে পালমেইরাসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠ ছাড়েন নেইমার। সে সময় তাঁর চোখে-মুখে কান্নার ছাপ দেখা যায়। এরপরই তাঁর চোটের মাত্রা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল।
এক বিবৃতিতে সান্তোস জানিয়েছে, নেইমারের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে মাঝারি মাত্রার চোট ধরা পড়েছে। ফলে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালের ম্যাচসহ ক্লাবটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।
ইএসপিএন ব্রাজিলের প্রতিবেদনে বলা হয়েছে, নেইমারকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না সান্তোস। পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাঁকে অনুশীলনে ফেরানো হবে। আন্তর্জাতিক বিরতির পর তিনি অনুশীলনে ফিরতে পারেন বলে আশা করছে ক্লাবটি।
পালমেইরাসের বিপক্ষে ম্যাচে নেইমার ছাড়াও চোট পেয়েছেন উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। তবে এরই মধ্যে রাইট-ব্যাক রোদিনেই এবং মিডফিল্ডার আর্তুর মেলো ও লিমাকে দলে ভিড়িয়ে স্কোয়াডের শক্তি বাড়িয়েছে সান্তোস।
নতুন খেলোয়াড়দের দলে যোগ দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কোচ কুকা। তিনি বলেন, নেইমার, বারেয়াল ও লুকাস ভেরিসিমোকে হারানোয় দল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাঁরা কতদিন মাঠের বাইরে থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।
পালমেইরাসের বিপক্ষে ম্যাচের পর মাঠের অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছিলেন নেইমার। তাঁর মতে, সেটি ছিল পালমেইরাসের ইতিহাসের সবচেয়ে বাজে মাঠ।