রাশিয়া-উত্তর কোরিয়া সীমান্তে প্রথম সড়ক সেতু চালু

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ১২:০৪ পিএম

রাশিয়া-উত্তর কোরিয়া সীমান্তে প্রথম সড়ক সেতু চালু

ছবি: সংগৃহীত

রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তে প্রথমবারের মতো চালু হলো সড়ক সেতু। তুমেন নদীর ওপর নির্মিত প্রায় এক কিলোমিটার দীর্ঘ সেতুটি দুই দেশের যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও বাড়াবে বলে মনে করছে রাশিয়া।

সোমবার সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুই লেনের সেতুটি ব্যবহার করে নতুন নির্মিত সীমান্ত চৌকি দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ৩০০টি যানবাহন চলাচল করতে পারবে বলে জানিয়েছে রুশ সরকার।

ভিডিও লিংকের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন বলেন, সীমান্ত এলাকায় পরিবহন অবকাঠামো সম্প্রসারণের ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য, অর্থনীতি, প্রযুক্তি, বিজ্ঞান ও সংস্কৃতিতে সহযোগিতা আরও বাড়বে।

সাম্প্রতিক বছরগুলোতে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ঘনিষ্ঠ হয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার জন্য উত্তর কোরিয়া গোলাবারুদ ও সেনাসদস্য সরবরাহ করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। একই সময়ে দুই দেশের মধ্যে বিভিন্ন বিনিময় কর্মসূচিও বেড়েছে।
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে উত্তর কোরিয়ায় রুশ পর্যটকদের যাতায়াতও শুরু হয়। করোনা মহামারির বিধিনিষেধ ধীরে ধীরে শিথিল হওয়ার পর এ যোগাযোগ বাড়তে থাকে।

দুই দেশের মধ্যে আগে থেকেই একটি রেলসেতু ও বিমান যোগাযোগ রয়েছে। এর বাইরে ২০২৪ সালে তুমেন নদীর ওপর যানবাহন চলাচলের জন্য নতুন সড়ক সেতু নির্মাণে সম্মত হয় রাশিয়া ও উত্তর কোরিয়া। গত বছর শুরু হওয়া সেই সেতুর নির্মাণকাজ শেষ হওয়ার পর এবার তা আনুষ্ঠানিকভাবে চালু করা হলো।

তুমেন নদী উত্তর কোরিয়ার পাশাপাশি রাশিয়া ও চীনের সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত হয়েছে। নতুন সেতুটি দুই দেশের সীমান্ত যোগাযোগে গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করবে বলে আশা করছে রাশিয়া।

Link copied!